ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে ভোগান্তিতে হাজারো যাত্রী

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
টুইট ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিল।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বর্তমান সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তাঁরা বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
পুলিশ জানায়, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবি নিয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।






