নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না মারুফা, পুরোনো চোটে দুশ্চিন্তায় বাংলাদেশ

গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে জাতীয় দলের এই তারকা পেসারের। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে ফেরাতে চায় না বিসিবি।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য দুঃসংবাদ। আসন্ন নিউজিল্যান্ড সফরে দলের অন্যতম সেরা পেসার মারুফা আক্তারকে পাচ্ছে না বাংলাদেশ। পুরোনো গোড়ালির চোট আবারও ফিরে আসায় এই সফর থেকে ছিটকে পড়তে পারেন তিনি।

তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তবে সিরিজে মারুফার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, মারুফার গোড়ালির পুরোনো ব্যথা আবারও দেখা দিয়েছে। তাই তার সুস্থতার বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বোর্ড। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন, মারুফার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। তাকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলাই এখন বোর্ডের প্রধান লক্ষ্য।

ওই কর্মকর্তা আরও জানান, পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে মারুফার সমস্যা হতে পারে। ভবিষ্যতে যেন বোলিংয়ের সময় কোনো ধরনের অস্বস্তিতে পড়তে না হয়, সেটি নিশ্চিত করতেই তাকে প্রয়োজনীয় সময় দেওয়া হচ্ছে।

বাংলাদেশ নারী দলের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র মারুফা। তার অনুপস্থিতি নিউজিল্যান্ড সফরে দলের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে দীর্ঘমেয়াদে তার সুস্থতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।