কৃষক কার্ডে ছয় ঘণ্টা পরপর মিলবে আবহাওয়ার বার্তা

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে আওতায় আনার লক্ষ্য, মিলবে ১০ ধরনের সেবা
টুইট ডেস্ক : দেশের কৃষকদের জন্য আবহাওয়ার আগাম পূর্বাভাস পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কৃষক কার্ডের আওতায় নিবন্ধিত কৃষকদের মুঠোফোনে স্বয়ংক্রিয় খুদেবার্তার মাধ্যমে প্রতি ছয় ঘণ্টা পরপর আবহাওয়ার তথ্য পাঠানো হবে। দুর্যোগকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী একাধিকবার সতর্কবার্তা পাবেন তাঁরা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ডধারীরা বৃষ্টি, খরা, তাপমাত্রার পরিবর্তন ও ঝড়ের আগাম তথ্য জানতে পারবেন। এতে ফসল রোপণ, সেচ, সার প্রয়োগ, কীটনাশক ব্যবহার এবং ফসল সংগ্রহের বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা, স্বল্প সুদে ঋণ, সেচ সুবিধা ও কৃষি বিমাসহ মোট ১০ ধরনের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী চার বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে আবহাওয়ার এসব বার্তা পাঠানো হবে। এ জন্য কৃষকদের ব্যক্তিগত ও কৃষিসংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই এবং ব্যাংক হিসাব খোলার কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে ২২ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ৯ লাখ কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
গত ১ অক্টোবর দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে ২০ হাজার ৮৩২ কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান জানিয়েছেন, সময়মতো আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের উৎপাদন পরিকল্পনা ও সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলা, উপজেলা ও কৃষি ব্লককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে। এর মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করছে সরকার।






