মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্টসহ আটক ৪

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ।
টুইট প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়।
জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। অভিযানে সিমেন্টের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






