হটলাইন ১০২ প্রচারে পূর্বাচলে ম্যারাথন চার ক্যাটাগরিতে দৌড়, উন্মোচন হলো জার্সি ও পদক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পূর্বাচলে আন্তর্জাতিক ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। আগামী ২৮ নভেম্বর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

টুইট প্রতিবেদক: রোববার (১ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি, রিকল ১০২’ স্লোগানে আয়োজিত ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও পদক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জার্সি ও পদক উন্মোচন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। এ সময় বিভিন্ন দৌড়বিদ সংগঠনের সদস্য, পেসার, সংবাদকর্মী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, এ আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন ১০২ প্রচারে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করতে দৌড়বিদদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া ম্যারাথন নিয়ে নির্মিত প্রচারমূলক ভিডিও এবং সংস্থাটির কার্যক্রমভিত্তিক ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের গানের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আয়োজকদের তথ্যমতে, ম্যারাথনে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার, এই চার বিভাগে দৌড় অনুষ্ঠিত হবে।

অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।