ফেসবুক লাইভে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়লেন প্রধানমন্ত্রীর সহকারী

নিজের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ক্ষোভ জানিয়ে পত্রিকার কপি ছিঁড়লেন রাশেদ খান। মাহমুদুর রহমানের সম্পাদিত পত্রিকাটির বিরুদ্ধে চরিত্রহননের অভিযোগও তুলেছেন তিনি।

টুইট প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে এসে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলেছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক লাইভে এসে পত্রিকাটিতে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লাইভে রাশেদ খান বলেন, তাঁকে নিয়ে গত ১৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা-সহকারীরা কী করছেন?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আমার দেশ। ওই প্রতিবেদনে তাঁর ভূমিকা নিয়ে লেখা অংশকে উদ্দেশ্যপ্রণোদিত ও কটাক্ষমূলক বলে মনে করেন তিনি।

এ ছাড়া শনিবার প্রকাশিত ‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি’ শিরোনামের প্রতিবেদন নিয়েও আপত্তি জানান রাশেদ খান। তাঁর অভিযোগ, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ছবি যুক্ত করে তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগের প্রসঙ্গও তোলেন তিনি। রাশেদ খানের দাবি, এ বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে এবং জামায়াত চাইলে তদন্তের স্বার্থে তিনি সেগুলো সরবরাহ করতে প্রস্তুত।

নিজের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছিলেন। মাহমুদুর রহমানের প্রতি আগে শ্রদ্ধা থাকলেও তাঁকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে হতাশ হয়েছেন বলে জানান তিনি।

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সমালোচনা করে রাশেদ খান বলেন, তাঁর মতো একজন নির্যাতনের শিকার ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত ছিল না। পত্রিকাটির প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।