টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার।
টুইট ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়েছেন তিনি।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন ২৮ বছর বয়সী রশিদ। ম্যাচে চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। নবম ওভারে জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটার তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে ২০০তম উইকেটের দেখা পান এই আফগান তারকা।
নিজের ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন রশিদ। এ সংস্করণে তাঁর উইকেটসংখ্যা এখন ২০০। উইকেটপ্রতি গড় ১৩.৯৬ এবং ওভারপ্রতি রান দেওয়ার হার ৬.১৩।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির আসন দখল করেন রশিদ।
চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলকও অতিক্রম করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া সর্বশেষ উইকেটটি এশিয়ার মাটিতে তাঁর ১৫০তম শিকার। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতেই নিয়েছেন ৭৯টি উইকেট।
২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রশিদের। এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে এই সংস্করণের অন্যতম সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার ২০০ উইকেটের অনন্য রেকর্ড গড়ে নিজের শ্রেষ্ঠত্বের আরেকটি স্বাক্ষর রাখলেন আফগান এই স্পিনার।






