টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের

জাপান সফরের তৃতীয় দিনে উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন তিনি, সাক্ষাৎ করেন রাজকুমারী তাকামাদোর সঙ্গে

টুইট ডেস্ক : জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে হাসপাতাল, গৃহভিত্তিক সেবাকেন্দ্র ও জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। এদিন জাপানের রাজপরিবারের সদস্য রাজকুমারী তাকামাদোর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দিনের কর্মসূচির অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন জুবাইদা রহমান। সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়। সেখানে তাঁকে উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করা হয়।

পরিদর্শনকালে তিনি উন্নত কম্পিউটারভিত্তিক চিত্রায়ণ প্রযুক্তি, পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে জানান, বিশেষ ধরনের এ সিটি স্ক্যানার বিশ্বে মাত্র পাঁচটি রয়েছে।

পরে টোকিওর বুনকিও এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত হংগো গৃহভিত্তিক সেবাকেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে নার্সিং, পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরে ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও জাতীয় জাদুঘর পরিদর্শন করেন জুবাইদা রহমান। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন তিনি।

দিনের শেষ ভাগে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। পরে জাপানের রাজপরিবারের সদস্য রাজকুমারী তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।