ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ভোটের আশ্বাস ইসির

নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ও বডিওন ক্যামেরা, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সিনিয়র সচিবের

টুইট প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ভোটের আশ্বাস ইসির
নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ও বডিওন ক্যামেরা, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সিনিয়র সচিবের।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন ঘিরে ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেছেন, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে শরীরে ধারণযোগ্য ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটারদের মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো ধরনের সংশয় বা আতঙ্ক না রাখার আহ্বান জানিয়ে আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।