বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ সম্পন্ন

ছবি: এক্স

সামরিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

টুইট প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী দশম স্থলবাহিনী সংলাপ (ল্যান্ড ফোর্সেস টকস—এলএফটি) সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংলাপ শেষ হয়। ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা পারস্পরিক সামরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংলাপ শুরুর আগে সোমবার (২৬ অক্টোবর) সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপ্যাক) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস-বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্নেলিয়া।

বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

ছবি: এক্স

বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের ওপর।

এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দুই দেশের সমন্বিত প্রস্তুতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, এ ধরনের সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: এক্স