জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন

দুপুরে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে প্রকৌশলীরা
টুইট ডেস্ক : জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। জাতীয় লোড প্রেরণ কেন্দ্রের নিয়ন্ত্রণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, গ্রিড মেরামতের কাজ চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।






