ওয়াশিংটনে ৪০০ গাছ কেটে বিপাকে ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে ফের আদালতের বাধা

নতুন গাছ অপসারণে নিষেধাজ্ঞা বহাল, রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ইস্ট পোটোম্যাক গলফ কোর্স সংস্কারের পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দেশটির একটি ফেডারেল আদালত।

সোমবার (২৬ অক্টোবর) বিচারক আনা রেয়েস এ-সংক্রান্ত আদেশের মেয়াদ বাড়িয়ে কোর্স এলাকায় আরও গাছ অপসারণ বা ক্ষতিসাধন নিষিদ্ধ করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ নিয়ে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাশাপাশি পার্ক এলাকায় কোনো অপরিবর্তনীয় পরিবর্তন আনার অন্তত ১০ কর্মদিবস আগে সরকারকে লিখিতভাবে নোটিশ দিতে হবে।

এর আগে ট্রাম্প প্রশাসন ওই গলফ কোর্সে ৪০০টির বেশি গাছ কেটে ফেলে। এ ঘটনায় বিচারক রেয়েস গাছ কাটার ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন। আদালতের আদেশের পরও সংস্কারকাজ শুরুর ঘোষণা দেওয়ায় বিষয়টি নিয়ে আইনি বিরোধ আরও জোরালো হয়।

সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন। একই সঙ্গে ১৫ নভেম্বর নির্ধারিত সময় অনুযায়ী গলফ কোর্সটি বন্ধ করে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

গত ফেব্রুয়ারিতে ডিসি প্রিজারভেশন লিগ এ প্রকল্প বন্ধের দাবিতে মামলা করে। সংগঠনটির অভিযোগ, প্রকল্পটি পরিবেশ আইন লঙ্ঘন করতে পারে এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি ঘটাতে পারে।

বিচারক রেয়েস বলেন, মামলাটি গলফ খেলার মাঠ নিয়ে শুরু হলেও এখন তা আইনের শাসনের বৃহত্তর প্রশ্নে পরিণত হয়েছে।