মিরপুরে চাঁদাবাজির অভিযোগে তিন ভাই গ্রেপ্তার

মিরপুরের ‘ফোর স্টার গ্রুপের’ পলাতক শীর্ষ সন্ত্রাসীদের অর্থ পাঠানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ।
টুইট প্রতিবেদক: রাজধানীর মিরপুরে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের কাছে পাঠানো এবং দেশে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা মিরপুরের ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসীদের আপন ভাগ্নে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। তারা আপন ভাই। তাদের বাবা আমির হোসেন এবং মা নাসিমা বেগম। পুলিশের তথ্য অনুযায়ী, নাসিমা বেগমের ভাই হলেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে মিরপুরের ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ এবং কিশোর অপরাধী চক্র পরিচালনার অভিযোগ রয়েছে। এ ছাড়া গোষ্ঠীটির আর্থিক লেনদেনের সঙ্গেও তিনি জড়িত বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।
উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের জানান, মেহেদীর মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমানের কাছে পাঠানো হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে, সানজিম হাসানের বিরুদ্ধে ওই গোষ্ঠীর প্রভাব কাজে লাগিয়ে কিশোর অপরাধী চক্র পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মুঠোফোনের মাধ্যমেও তাদের মধ্যে যোগাযোগ হতো বলে জানা গেছে।
গ্রেপ্তার তিনজনকে মিরপুর থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর বিভাগে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।






