প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন ত্বরান্বিত হবে: রাসিক প্রশাসক

চার লেনের সড়ক, ৩০ ওয়ার্ডে খেলার মাঠ ও জ্যেষ্ঠ নাগরিকদের পার্ক নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, নগরীর বেশ কিছু উন্নয়ন প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এসব প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান রাজশাহী সফরে আসছেন। এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে ঢাকার বাইরে সরকারপ্রধানের রাজশাহী সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

নগরীর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে রাসিক প্রশাসক জানান, বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন, ফুটসাল মাঠ নির্মাণ এবং জ্যেষ্ঠ নাগরিকদের জন্য পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চলমান উন্নয়নকাজের পাশাপাশি পরিকল্পিত প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে নগরীর যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও বিনোদনকেন্দ্রের পরিসর বাড়বে।

এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহীর সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও আবু সাঈদ চাঁদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।