সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভার সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজন, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান।
টুইট প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
রবিবার সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইউনিটগুলোর হাতে জাতীয় পতাকা তুলে দেন।
জাতীয় পতাকাপ্রাপ্ত সাতটি ইউনিট হলো—৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি নিহিত রয়েছে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে আধুনিক, পেশাদার, দক্ষ ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জাতীয় পতাকাপ্রাপ্ত সাতটি ইউনিটকে এই গৌরবময় স্বীকৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পালনের তাগিদ দেন।
জাতীয় পতাকা সেনাবাহিনীর প্রতিটি ইউনিটের জন্য গৌরবময় ঐতিহ্য, বীরত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক।
লাল-সবুজের এই পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অসংখ্য বীরের আত্মত্যাগের ইতিহাস। কোনো ইউনিটকে জাতীয় পতাকা প্রদান রাষ্ট্রের পক্ষ থেকে তার প্রতি আস্থা, স্বীকৃতি ও সম্মানের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
অতীতের গৌরব ও বীরত্বপূর্ণ আত্মত্যাগের ধারাবাহিকতায় এই স্বীকৃতি সংশ্লিষ্ট ইউনিটগুলোর দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতের সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা,
সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






