রাজশাহী রেশম শিল্পে নতুন গতি, চালু হলো পাওয়ার লুম

পাওয়ার লুম চালু ও তুঁতচারা রোপণ কর্মসূচির উদ্বোধন; কারখানার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতি‌নি‌ধি, রাজশাহী: রাজশাহী রেশম কারখানা ও রেশম বোর্ডের উন্নয়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী রেশম শিল্পকে আবারও তার হারানো ঐতিহ্যে ফিরিয়ে আনা হবে। এ শিল্প দেশের অর্থনীতিতে নতুন করে অবদান রাখবে।

শুক্রবার দুপুরে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ এবং রেশম কারখানার পাওয়ার লুম চালু কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে এ অঞ্চলের সব রাজনৈতিক নেতা বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন। তবে বিদেশি ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকারের হাত ধরে রেশম শিল্প আবারও তার ঐতিহ্য ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মিনু বলেন, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারখানাটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারখানা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ নেই; এর পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, “আমি আপনাদের ভাই। সব সময় আপনাদের পাশে রয়েছি এবং থাকব।” রাজশাহী রেশম কারখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালু করা হয় এবং তুঁতচারা রোপণ করা হয়।

এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার।

এ ছাড়া রাজশাহী রেশম কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান মিনু, ভূমিমন্ত্রী