রাজশাহীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১১৩ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (১০ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত এ অভিযানে ৬৭৫টি যানবাহন তল্লাশি করে ১১৩টি মামলা দায়ের এবং ৭৪টি যানবাহন আটক করা হয়েছে।
আরএমপির ট্রাফিক বিভাগ ও মহানগরীর ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পরীক্ষা করা হয়।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






