২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ব্যাগ: সন্দেহভাজন শনাক্ত

কর্মীর পরিচয়ে বিশ্বাস অর্জন, এটিএমে যাওয়ার সুযোগে ব্যাগ নিয়ে উধাও; আইক্লাউড ট্র্যাকিংয়ে নওগাঁ ও রাজশাহী এলাকায় অবস্থান শনাক্ত।

নিজস্ব প্রতিবেদক: জার্মানির ১৮ বছর বয়সী পর্যটক কিরিল ল্যান্ডার-ওয়েবার (Kirill Lander-Weber) বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ঘুরে দেখার সময় নাটোর রেলওয়ে স্টেশনে ব্যাগ চুরির শিকার হয়েছেন। রেলের কর্মীর পরিচয়ে এক যুবক তার বিশ্বাস অর্জন করে এটিএমে টাকা তুলতে যাওয়ার সুযোগে ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সিসিটিভি ফুটেজে ওই যুবকের ব্যাগ নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল প্রায় ৪টার দিকে বগুড়ার সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে চড়ে নাটোর রেলওয়ে স্টেশনে নামেন কিরিল। এর আগে তিনি বগুড়ার মহাস্থানগড়সহ কয়েকটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। তার পরিকল্পনা ছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চল অথবা ভারতগামী রুটে যাওয়ার।

নাটোর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করার সময় হলুদ ভেস্ট বা কটি পরিহিত এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক নিজেকে রেলওয়ের কর্মী হিসেবে পরিচয় দিয়ে কিরিলের সঙ্গে কথা বলেন এবং একপর্যায়ে তার বিশ্বাস অর্জন করেন।

এরপর টিকিট কেনার জন্য এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে কিরিল তার ট্রাভেল ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। কিন্তু এটিএম থেকে ফিরে এসে তিনি দেখেন, ব্যাগসহ ওই যুবকও সেখানে নেই।

ব্যাগটিতে ছিল অ্যাপল ম্যাকবুক ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র। কিরিল স্টেশনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগ বা ওই যুবকের সন্ধান পাননি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, কিরিল চোখের আড়ালে যাওয়ার পর ওই যুবক তার পরিহিত হলুদ ভেস্টটি খুলে ব্যাগটি ভেতরে লুকিয়ে স্টেশন থেকে বেরিয়ে যায়। ঘটনার পর রেল কর্তৃপক্ষের পরামর্শে কিরিল নাটোর সদর থানায় যান। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

চুরি যাওয়া ম্যাকবুকের আইক্লাউড ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ল্যাপটপটির অবস্থান নওগাঁ এলাকায় শনাক্ত হয়। পরে সেটির অবস্থান আবদুলপুর রেল জংশন ও রাজশাহী এলাকায় দেখা যায়। তবে এরপর আর কোনো ট্র্যাকিং ডেটা পাওয়া যায়নি।

ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ (জিআরপি)। সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি রেলের নিয়মিত কর্মী নন। তিনি শুধু রেলওয়ের কর্মীর মতো হলুদ ভেস্ট বা পোশাক পরেছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কিরিলের ব্যাগ উদ্ধার করা সম্ভব হয়নি। নিরাপত্তার স্বার্থে তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পুলিশ তার থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। তিনি রাজশাহী রেলওয়ে থানায় সময় কাটাচ্ছেন।

সাংবাদিকদের কাছে কিরিল জানিয়েছেন, তার চুরি যাওয়া ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং পরিস্থিতি এখনো ভালো নয়। এদিকে পুলিশ জানিয়েছে, ব্যাগ ও মালামাল উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজনকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। বিদেশি পর্যটককে দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে।

নাটোর রেলওয়ে স্টেশনে বিদেশি পর্যটকের ব্যাগ চুরির এ ঘটনা পর্যটকদের নিরাপত্তা, রেলওয়ে স্টেশনের নজরদারি ব্যবস্থা এবং বিদেশি নাগরিক কোনো সমস্যায় পড়লে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার গুরুত্ব নতুন করে সামনে এনেছে। পুলিশ ও রেল কর্তৃপক্ষ দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত সন্দেহভাজনকে গ্রেপ্তারের আশা প্রকাশ করেছে।