কক্সবাজারে পর্যটকদের জন্য মোটরসাইকেল ভাড়ার উদ্যোগ

ভাড়ায় পাওয়া যাবে ইয়ামাহার নতুন ৩০ মোটরসাইকেল, সঙ্গে থাকছে নিরাপত্তা সরঞ্জাম।
টুইট প্রতিবেদক: কক্সবাজারে পর্যটকদের চলাচল সহজ করতে মোটরসাইকেল ভাড়ার ব্যবসায়ীদের ৩০টি মোটরসাইকেল দিয়েছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা এসব মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে পারবেন।
ইয়ামাহা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কক্সবাজারে ভ্রমণ ও চলাচল’কে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের ব্যক্তিগত পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি তাঁদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করাই এর লক্ষ্য।
সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছে ৩০টি ইয়ামাহা এফজেডএস সংস্করণ ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসিআই মোটরস ও ইয়ামাহার কর্মকর্তাদের পাশাপাশি কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত বিক্রেতা মাহিন মোটরসের স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন।
প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে চালক ও সহযাত্রীর জন্য দুটি করে মানসম্মত নিরাপত্তা হেলমেট দেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্যটকেরা নিরাপদে মোটরসাইকেল ব্যবহার করে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত করতে পারবেন।






