হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ

প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

টুইট ডেস্ক: দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামা ওবায়েদ বলেন, অভিযুক্তদের ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। প্রত্যর্পণ প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে ভারত সরকার নজর দেবে বলে বাংলাদেশ আশা করছে।

তিনি বলেন, দুই দেশেরই রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার। বাংলাদেশ সরকারের এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। একই ধরনের সদিচ্ছা ভারত সরকারেরও থাকা প্রয়োজন।

প্রত্যর্পণ চুক্তির কাঠামোর আওতায় অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে শনিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে একটি আইনি প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান। বিষয়টি আদালতসংশ্লিষ্ট হওয়ায় এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।

ঢাকায় অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় সংলাপের একটি আলোচনায় তিনি এসব কথা বলেন। দুই দেশের দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানে ধারাবাহিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর গুরুত্ব দেন ভারতীয় এই কূটনীতিক।

পানি, বাণিজ্য, সংস্কৃতি, খেলাধুলা, যোগাযোগ ও পরিবহনসহ অমীমাংসিত বিষয়গুলো উপযুক্ত আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দুই দেশের পারস্পরিক যোগাযোগের প্রক্রিয়া ধীরগতির হলেও তা থেমে নেই উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং শেষ পর্যন্ত সমাধান হবেই।