পিচ্চি রাজার পালানোর স্থান নিয়ে নতুন তথ্য

গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজারে প্রিজন ভ্যান থেকে পালান শীর্ষ মাদক কারবারি; ঘটনায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার।

টুইট প্রতিবেদক ঢাকার মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) গাজীপুরের বাইমাইল থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়েছিলেন। প্রাথমিক তদন্তে এমন তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাঁদের আবার কারাগারে নেওয়া হচ্ছিল। পথে শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়ে যান।

তবে প্রথমে পুলিশ জানিয়েছিল, গাজীপুরের বাইমাইল এলাকায় রাত সাড়ে আটটার দিকে তাঁকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়। এরপর তিনি দৌড়ে পালিয়ে যান। ওই ঘটনায় বাকি ২৯ আসামিকে কারাগারে নেওয়া হলেও পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা উপপরিদর্শক প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং ভ্যানচালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তের জন্য গঠিত পর্যবেক্ষণ কমিটি।

জিজ্ঞাসাবাদে পুলিশ সদস্যদের বক্তব্যে অসংগতি পাওয়া যায়। তাঁরা কখনো একেক স্থান থেকে পিচ্চি রাজা পালিয়েছেন বলে তথ্য দেন। এতে তাঁর পালানোর প্রকৃত স্থান নিয়েও সন্দেহ তৈরি হয়। তদন্তে পরে বাইমাইল থেকে পালানোর তথ্যটি সঠিক নয় বলে উঠে আসে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁরা এখনো ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট ও সন্তোষজনক তথ্য দেননি। আসামি কোথা থেকে পালিয়েছেন, সে বিষয়েও তাঁদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

পর্যবেক্ষণ কমিটির সদস্য কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে আদালত এবং আদালত থেকে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থামানোর নিয়ম নেই। বড় ধরনের সমস্যা হলে নিকটবর্তী থানায় থামানোর কথা। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা যে স্থানে গাড়ি থামানোর কথা বলেছেন, সেখানে থামানোর সুযোগই ছিল না।

এদিকে মামলাটির তদন্ত করছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সাহেব আলী পাঠান বলেন, বিভিন্ন পুলিশ সদস্য ভিন্ন ভিন্ন তথ্য দিলেও প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, পিচ্চি রাজা ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপপরিদর্শক প্রবীর কুমার ও প্রিজন ভ্যানচালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা এখন পিচ্চি রাজা ঠিক কীভাবে পুলিশের হেফাজত থেকে বেরিয়ে গেলেন, পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল এবং তাঁদের বক্তব্যের অসংগতির কারণ কী এসব বিষয় খতিয়ে দেখছেন।

চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।