পল্লী বিকাশ কেন্দ্রে ৫০ জনের চাকরি

স্থায়ী হলে বেতন ২৬ হাজার ৬৮০ টাকা, আবেদন করা যাবে ১৬ অক্টোবর পর্যন্ত।

টুইট প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ৫০ জন জনবল নিয়োগ দেবে। ‘প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা’ পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। অভিজ্ঞতা ছাড়াই এ পদে আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। চাকরির কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে প্রতিষ্ঠিত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাঠ তদারকি, কম্পিউটার ব্যবহার এবং যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নতুন বা অনভিজ্ঞ প্রার্থীদের প্রথম ছয় মাস প্রশিক্ষণকাল হিসেবে বিবেচনা করা হবে। এ সময়ে সর্বসাকুল্যে মাসিক ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণকালীন কর্মদক্ষতা সন্তোষজনক হলে চাকরি স্থায়ী করে ‘মাঠ কর্মকর্তা’ পদে নিয়োগ দেওয়া হবে।

চাকরি স্থায়ী হলে মধ্যাহ্নভোজ ভাতাসহ মাসিক বেতন হবে ২৬ হাজার ৬৮০ টাকা। এর সঙ্গে মোবাইল ও মোটরসাইকেলের জ্বালানি ভাতাও দেওয়া হবে।

স্থায়ী কর্মীরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অংশীদারিত্বমূলক ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক, অর্জিত ছুটি নগদায়ন এবং কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদানের সুবিধা পাবেন। এ ছাড়া পদোন্নতি এবং মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সুবিধাও রয়েছে।

আবেদন যেভাবে

পল্লী বিকাশ কেন্দ্রের এ নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় ১৬ অক্টোবর ২০২৬। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি প্রতিষ্ঠানটির নির্ধারিত আবেদনপত্রে জানা যাবে।

কর্মকর্তা

পদসংখ্যা: ৫০

চাকরির ধরন: পূর্ণকালীন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা সমমান

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬