শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

টুইট ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি শিক্ষাবর্ষে টানা নয় দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
অন্যদিকে, দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে বিদ্যালয়গুলো ২৫ অক্টোবর রোববার থেকে নিয়মিত কার্যক্রমে ফিরবে।
সে হিসাবে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা টানা নয় দিন বিদ্যালয়ের ছুটি ভোগ করবে। এতে দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অক্টোবর মাসে দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হচ্ছে।






