বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নেওয়ার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি ব্যাগ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অটোরিকশায় থাকা কামাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক কামাল উদ্দিনের ঠিকানা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্ট, ব্লক-বি। তার বাবার নাম মৃত জাহেদ হোসেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, বান্দরবান।