তিশা: ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আসব

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর; আদালতকে ন্যায়বিচারের আশা অভিনেত্রীর

টুইট প্রতিবেদক ২৮: হাজার ৮০০ টাকা দামের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।

আদালত থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের বিষয়কে কেন্দ্র করেই শাড়িটি নিয়ে তাঁর সঙ্গে জটিলতা তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, পরিচিত এক বড় বোনের মাধ্যমে তিনি শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন।

তিশা বলেন, শাড়িটি দেওয়ার পর তাঁকে ছবি দিতে বলা হয়েছিল। তবে সে সময় তিনি ‘সোলজার’ চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতি ও কাজে ব্যস্ত ছিলেন। তাই ছবি দিতে কিছুটা সময় চেয়েছিলেন। এমনকি শাড়িটির সঙ্গে পরার জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন বলে জানান তিনি।

অভিনেত্রীর দাবি, ছবি দেওয়ার বিষয়ে বারবার আশ্বাস দেওয়ার পরও হঠাৎ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি গড়ায় মামলায়।

তিশা বলেন, অভিযোগ আনার আগে তাঁকে বিষয়টি জানানো হলে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পেতেন। তবে এখন কে বা কারা কী কারণে এমনটি করেছেন, তা জানতে আগ্রহী নন তিনি। তাঁর প্রত্যাশা, পুরো বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।

আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে তানজিন তিশা বলেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব। আমি এখান থেকে ন্যায়বিচার নিয়েই বের হব।’

তিনি আরও বলেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন, সেটিকে তিনি সমর্থন করবেন না। দেশের নাগরিক হিসেবে তিনি ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন বলেও উল্লেখ করেন।

মামলাটির বিষয়ে তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানিয়েছেন, আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন। ফলে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।