বাংলাদেশের ভিসা আবেদন পোর্টাল সাময়িক বন্ধ

ঢাকার কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটি, বিদেশি বাংলাদেশি মিশনে ভিসা সেবা ব্যাহত
টুইট ডেস্ক: কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতে ভিসা এবং ভিসাসংক্রান্ত সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।
ব্যাংকক দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া ও সংশ্লিষ্ট সেবা নিতে সমস্যার মুখে পড়তে পারেন। সমস্যাটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।
দূতাবাসের পক্ষ থেকে সেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, জরুরি ভ্রমণ পরিকল্পনা ভিসা প্রক্রিয়ার ওপর নির্ভর করে না করার অনুরোধ জানানো হয়েছে।
লিসবন দূতাবাসও জানিয়েছে, কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে দেওয়া যাচ্ছে না। সার্ভার সচল করার কাজ চলছে।
কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি জানানো হবে।
সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাস দুটি দুঃখ প্রকাশ করে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।






