ছাপাখানায় মধ্যরাতে শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

র্বঘোষণা ছাড়াই ঢাকার ছয় প্রেস পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের মান ও অগ্রগতি সরেজমিনে দেখতে মধ্যরাতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাত ১২টার পর তিনি মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স পরিদর্শন করেন।

পূর্বঘোষণা ছাড়াই এসব প্রেসে গিয়ে শিক্ষামন্ত্রী পাঠ্যবই ছাপার বাস্তব পরিস্থিতি, গুণগত মান ও কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত মান বজায় রেখে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই রয়েছে।

এ ছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রায় ১৮ কোটি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। নবম শ্রেণির জন্যই ছাপানো হবে ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকবে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।