রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

হামলার সময় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ; ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার লুট হওয়া দুই ট্রাক মালামাল
টুইট ডেস্ক: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগের পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে প্রশাসনিক কারণে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতেই তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।
এদিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরদিন স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় হানিফ মিয়াকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় প্রায় ২৫০ জনকেও আসামি করা হয়েছে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন। পরে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যান।
কর্তৃপক্ষ আরও জানায়, লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
হামলার পর স্বাস্থ্যকেন্দ্রটির জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড টাঙানোর অভিযোগও করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।





