গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ মো. মধু মিয়া (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত আরও এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার গোলাই গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মধু মিয়া রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোলাই গ্রামের বাদশা মণ্ডলের একটি প্লটে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে পুলিশ পরিদর্শক মো. মোমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. স্বপন হোসেনসহ ডিবির একটি দল সকাল ৭টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালায়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মধু মিয়াকে আটক করা হয়। পরে তার পরনে থাকা লুঙ্গির ডান পাশের টেমর থেকে দুটি নীল পলিথিনে রাখা ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় মো. মিলন হোসেন ওরফে ভগা (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে। পুলিশের দাবি, মিলন হোসেনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার মধু মিয়া ও পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।