আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলাকালে বিদেশে চলে যাওয়ার আশঙ্কা, তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা
টুইট ডেস্ক: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন—এমন আশঙ্কায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদকের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে দুদক। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হবে।
দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, দরপত্র বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। অভিযোগ অনুযায়ী, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ পাচার করে বিলাসবহুল সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।
তবে দুদক কর্মকর্তারা স্পষ্ট করেছেন, অর্থপাচারসহ এসব বিষয় এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। অভিযোগগুলো আমলে নিয়েই অনুসন্ধান শুরু করেছে দুদক এবং অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার বিষয়গুলো যাচাই করা হচ্ছে।






