ভালো কাজের স্বীকৃতি, চট্টগ্রাম জেলা পুলিশের কল্যাণসভায় পুরস্কৃত সদস্যরা

ছুটি, চিকিৎসা ও অন্যান্য কল্যাণমূলক বিষয় নিয়ে সরাসরি মতবিনিময়; দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর জোর।

টুইট ডেস্ক: চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় করেন পুলিশ সুপার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় করেন পুলিশ সুপার। সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন তিনি।

ছুটি, চিকিৎসা, খাবারসহ পুলিশ সদস্যদের কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, সচেতনতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।

সভায় পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কল্যাণসভা শেষে মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্য, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সফল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার, সম্মাননা ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান একটি ফোর্সবান্ধব কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি পুলিশ সদস্যদের উৎসাহিত করেন।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।