সম্পদ বিবরণী দাখিল না করায় এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড

এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড; রায় শেষে কারাগারে পাঠানো হয়েছে

টুইট ডেস্ক: সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় কারাগার থেকে সুপর্ণা সুরকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব।

মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে সুপর্ণা সুর ও তার স্বামীর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণ চাওয়া হয়।

২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা সুর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে আদেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক এএম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণা সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত সুপর্ণা সুরকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের এ সাজা দেন।