ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান, ৮০ শতাংশ সাফল্যের আশা
টুইট ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বিপুলসংখ্যক তরুণ একযোগে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি দেশকে পুনর্গঠন করাও সম্ভব।
শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এত বিপুলসংখ্যক মানুষ দেশ পুনর্গঠনে এগিয়ে এলে তাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন, তরুণ সমাজ চাইলে দেশ পরিবর্তন করতে পারে—২০২৪ সালের ৫ আগস্ট তারা তা পুরো বিশ্বকে দেখিয়েছে। এবার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের কাজেও তরুণদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
আগামী তিন মাস ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, হয়তো শতভাগ সাফল্য অর্জন সম্ভব হবে না, তবে সম্মিলিত প্রচেষ্টায় ৮০ শতাংশ পর্যন্ত সমস্যার সমাধান করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভাঙাচোরা জিনিসপত্র, কাগজ, প্লাস্টিকসহ বিভিন্ন পরিত্যক্ত সামগ্রীতে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে। তাই এসব স্থানে পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন ঘটানো সম্ভব। পরিচ্ছন্নতা শুধু ডেঙ্গু প্রতিরোধের জন্য নয়, সুস্থ সমাজ ও সুন্দর পরিবেশ গড়ার জন্যও জরুরি।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।






