দেশ পুনর্গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমের আহ্বান, সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার পরামর্শ

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিপুলসংখ্যক মানুষ ও তরুণ সমাজ যদি দেশকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে কোনো শক্তিই তাদের ঠেকিয়ে রাখতে পারবে না।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ২৩ লাখ স্কাউট সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ২২ হাজার সদস্য এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় চার কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ যদি দেশকে পুনর্গঠনের কাজে এগিয়ে আসে, তাহলে তাদের ঠেকিয়ে রাখার ক্ষমতা কারও নেই।

তিনি বলেন, এখন দায়িত্ব নিতে হবে কীভাবে দেশকে গড়ে তোলা যায়। কারণ এই দেশেই আমাদের বসবাস। দেশের বিশাল তরুণ সমাজ পরিবর্তন চাইলে সেই পরিবর্তন অবশ্যই সম্ভব।

তরুণ সমাজের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা কীভাবে পরিবর্তন ঘটানো সম্ভব, তা বিশ্বকে দেখিয়েছে। সেই পরিবর্তনের সূচনা তরুণ সমাজই করেছে। এবার দেশকে পুনর্গঠনের কাজে তাদের এগিয়ে আসতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হয়তো শতভাগ সমস্যার সমাধান করা সম্ভব হবে না, তবে সম্মিলিত প্রচেষ্টায় ৮০ শতাংশ পর্যন্ত সফলতা অর্জন করা সম্ভব।

তিনি বলেন, ভাঙাচোরা জিনিসপত্র, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকলে সেখানে ডেঙ্গুর বাহক এডিস মশা জন্ম নেয়। তাই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাসও বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ময়লা-আবর্জনা ফেলে রাখলে শুধু পরিবেশ নষ্ট হয় না, সেখান থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়তে পারে। নিজের কিংবা পরিবারের কেউ অসুস্থ না হওয়া পর্যন্ত বিষয়টি হয়তো অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। কিন্তু একজনের অসুস্থতা পুরো পরিবার ও সমাজকে প্রভাবিত করতে পারে।

তিনি বলেন, কাজটি খুব কঠিন নয়। প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যয় করলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব।

যারা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলেন, তাদের নিরুৎসাহিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে বলতে হবে—যত্রতত্র ময়লা ফেলা যাবে না। নিজেদের সুস্থতা, পরিবার ও সমাজের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি দেশকেও পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে হবে।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালে তরুণরা দেশ পরিবর্তনের সক্ষমতা দেখিয়েছে। এবার রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।