নর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন

সৈয়দপুরে দিনব্যাপী আয়োজনে প্রায় ৫০০ বন্ধুর মিলন; স্মৃতিচারণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননায় মুখর আয়োজন।
নিজস্ব প্রতিনিধি, রংপুর: শৈশবের স্মৃতি, স্কুলজীবনের বন্ধুত্ব আর প্রাণবন্ত আড্ডায় শুক্রবার মুখর হয়ে উঠেছিল সৈয়দপুরের বন্ধন কনভেনশন রুম। দীর্ঘ ২৬ বছর পরও স্কুলজীবনের বন্ধন যে অটুট—নর্থ আইকনের বন্ধুত্বের মহামিলনে তারই উচ্ছ্বসিত প্রকাশ ঘটেছে।
রংপুর বিভাগের ২০০০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সংগঠন নর্থ আইকন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধুত্বের মহামিলন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
‘সংঘবদ্ধ থেকে গড়ি বন্ধুত্বের ইমারত’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত চলে বর্ণাঢ্য আয়োজন। এতে রংপুর বিভাগের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রায় ৫০০ বন্ধু অংশ নেন।
সকালে রিপোর্টিং ও উপহার সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে উদ্বোধনী পর্ব, পরিচয়পর্ব, দলীয় আলোকচিত্র ধারণ ও খেলাধুলার আয়োজন করা হয়। নামাজের বিরতির পর দুপুরের খাবারের আয়োজন করা হয়।
বিকেলে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে আয়োজক কমিটির সদস্য ও সহযোগীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দিনের শেষ পর্বে ছিল আকর্ষণীয় লটারি এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পুরো আয়োজন পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মিলনমেলায়।
দীর্ঘদিন পর একসঙ্গে হয়ে অনেকেই ফিরে যান তাঁদের স্কুলজীবনের সেই সোনালি দিনগুলোতে। পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা, গান, নাচ, হাসি-আনন্দ আর স্মৃতিচারণে যেন বয়সের ব্যবধানও হারিয়ে যায়। একসময়কার সহপাঠীরা এদিন আবারও ফিরে পান কৈশোরের সেই নির্মল বন্ধুত্বের আবহ।
আয়োজনটি সফল করতে নেতৃত্ব দেন খায়রুজ্জামান ডন, আজিজ, সুমন, আরাফাত, আব্দুল খালেদ, রাহাত ইসলাম ও মামুনসহ নর্থ আইকনের অন্যান্য সদস্য।
আয়োজকদের মতে, দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা এবং আগামী দিনেও পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখাই নর্থ আইকনের অন্যতম লক্ষ্য।








