আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতা বিল্টুর প্রার্থিতা ঘোষণা

আধুনিক ও মডেল পৌরসভা গড়ার প্রত্যয়; উন্নয়ন, কর্মসংস্থান ও স্বচ্ছতার প্রতিশ্রুতি

টুইট ডেস্ক: আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফুলমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিজস্ব কার্যালয়ের পাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দেন।

প্রার্থিতা ঘোষণা করে মোস্তাক আহমেদ বিল্টু বলেন, আড়ানী পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব পৌরসভা। সেই লক্ষ্য বাস্তবায়নেই তিনি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আড়ানী পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এ জন্য রাস্তা-ঘাটের উন্নয়ন, উন্নত নালা-নর্দমা ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

আড়ানী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আমীন।

এ সময় আড়ানী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আফতাব হোসেন বিডিআর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আব্দুল আজিজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেনসহ পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা মোস্তাক আহমেদ বিল্টুর মেয়র পদে প্রার্থিতাকে স্বাগত জানান। একই সঙ্গে তার পক্ষে নির্বাচনী কার্যক্রমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

প্রার্থিতা ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও আড়ানী পৌরসভার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন মোস্তাক আহমেদ বিল্টু।

উল্লেখ্য, মোস্তাক আহমেদ বিল্টু দীর্ঘদিন ধরে আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে তিনি দলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।