জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী; ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি
টুইট ডেস্ক: নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।
জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি বলেন, কেউ বাংলাদেশকে বোয়িং কেনার জন্য চাপিয়ে দিচ্ছে না। প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বিমান কেনা হতে পারে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার একটি চক্রের কারণে সেখানে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই চক্র ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানো হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।






