বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ার ছোড়াছুড়ির সংবাদকে ‘অপপ্রচার’ দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন

চেয়ার ছোড়াছুড়ির সংবাদকে ‘ভুল তথ্য ও অপপ্রচার’ দাবি উপজেলা-পৌর বিএনপির

টুইট ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রদলের নেতাদের বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি ও হট্টগোলের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি।

‎বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালানো হয়েছে দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর ফাজিল ডিগ্রী মাদরাসায় উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির নেতারা প্রকাশিত সংবাদের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রতিবাদ জানান।

‎লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন।

‎বিএনপি নেতারা দাবি করেন, গত ১ সেপ্টেম্বর জাতীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ির যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। প্রকাশিত সংবাদের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই বলেও দাবি করেন তারা।

‎ঘটনাটি নিয়ে পরদিন জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতেই উপজেলা প পৌর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

‎সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, আজাদ রেজাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, বিএনপি নেতা সহকারী অধ্যাপক জিয়াউল হক রতন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাইমেনুল হক রেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।