সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

টুইট ডেস্ক: সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান ও চাঁদাবাজি বন্ধে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ও সহায়তা নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চলমান অভিযান আরও জোরদার করতে সভায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং কিছু কৌশল প্রণয়ন করা হয়েছে। তবে এসব কৌশলের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কর্মকর্তা প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অভিযান) খন্দকার রফিকুল ইসলাম।

এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন রেঞ্জের উপমহাপরিদর্শক, মহানগর পুলিশের কমিশনার ও অতিরিক্ত কমিশনার এবং বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।