প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

বন্ধ কলকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ; ২০ হাজার কোটি টাকা শিল্প পুনরুজ্জীবনে, ঋণ মিলবে গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে।
অর্থনৈতিক প্রতিবেদক: বন্ধ কলকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দিতে ১৭টি ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
প্রণোদনা প্যাকেজে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।
গত ২৩ মে বন্ধ কলকারখানা চালু, বে
সরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিকে সচল করতে ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। প্যাকেজটির মোট অর্থের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো ৪১ হাজার কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংক ১৯ হাজার কোটি টাকা দেবে।
প্যাকেজের সবচেয়ে বড় অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য। এই তহবিল থেকে বেসরকারি খাত গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন পুনরায় শুরু করা, নতুন বিনিয়োগ উৎসাহিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনা। ১৭টি ব্যাংকের অর্থায়ন নিশ্চিত হওয়ায় প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু হলে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগের গতি বাড়তে পারে। একই সঙ্গে অর্থনীতিতে তারল্য প্রবাহ বাড়িয়ে সামগ্রিক কর্মকাণ্ড সচল করতেও এ প্যাকেজ ভূমিকা রাখতে পারে।






