তহুরার হ্যাটট্রিক, শেষ ম্যাচে ৮ গোলের জয় রাজশাহীর

গুয়ামের রোভার্স এফসিকে উড়িয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশের চ্যাম্পিয়নরা|
ক্রীড়া প্রতিবেদক: এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের নারী লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানীর দল। দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা আগেই শেষ হয়েছিল রাজশাহীর। প্রথম ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সাবাহ এফসির কাছে ২-১ গোলে হারে দলটি। ফলে শেষ ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার।
তবে সেই ম্যাচেই দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রাজশাহী। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। ডিফেন্ডার শামসুন্নাহারের লং শট আটকাতে গিয়ে রোভার্সের গোলরক্ষক দেসেহা মেন্দিওলার ভুলে বল জড়িয়ে যায় জালে।
১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে মোসাম্মত সুলতানার পাস পেয়ে আলতো টোকায় বল জালে পাঠান তিনি। সাত মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। প্রথমার্ধ শেষ হয় রাজশাহীর ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি রাজশাহী। ৫২ মিনিটে মনিকা চাকমার পাস থেকে দারুণ ড্রিবল করে কোনাকুনি শটে গোল করেন স্বর্ণা রানী। এর এক মিনিট পর গোলকিপারকে একা পেয়ে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা।
৬০ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এতে রাজশাহীর গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে।
৭১ মিনিটে রোভার্সের এলোমেলো রক্ষণকে কাজে লাগিয়ে একক প্রচেষ্টায় সপ্তম গোল করেন শামসুন্নাহার সিনিয়র। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র গোল করলে ৮-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় রাজশাহীর।
এই জয়ে টুর্নামেন্টের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেও প্রথম দুই ম্যাচের পরাজয়ের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের।







