সোনার দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ৪০ হাজার টাকা

মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা
টুইট ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণালঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে সর্বশেষ ১৫ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা করা হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এবার আরও ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১০৫ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৩ দফা বেড়েছে, ৫১ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল।
এদিকে সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা বেড়েছে এবং ৩০ দফা কমেছে।






