৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৫

ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষে চাপা পড়ে প্রাণহানি; সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার

টুইট ডেস্ক: শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়। শক্তিশালী কম্পনে পূর্ব নুসা তেঙ্গারা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ নিরাপদ স্থানে সরে যান।

প্রাথমিকভাবে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একজনের মৃত্যুর কথা জানিয়েছিল। পরে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সরকারি স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হাসপাতাল থেকে রোগীদেরও বাইরে সরিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও ভূমিধসের খবর পাওয়া গেছে। বিদ্যুৎ সরবরাহ ও যান চলাচলেও বিঘ্ন ঘটেছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। পরে প্রায় তিন ঘণ্টা পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। উপকূলীয় এলাকায় এক মিটার পর্যন্ত সুনামির ঢেউ রেকর্ড হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম নিয়মিতই ঘটে। দেশটির বিস্তীর্ণ এলাকায় সক্রিয় ভূ-ত্বকীয় প্লেটের উপস্থিতির কারণে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিও রয়েছে।