মিডল চরে নৌযাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট দিলেন রাসিক প্রশাসক

দর্শনার্থীর চাপ বাড়ায় মালেকডগার ঘাটে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেওয়া; অতিরিক্ত যাত্রী না তোলা ও নিরাপদ নৌযাত্রার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পাওয়া রাজশাহীর পদ্মার মিডল চরে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সেই সঙ্গে নৌপথে যাত্রী পারাপারও বেড়েছে। দর্শনার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেকডগার ঘাটে নৌকার মাঝিদের হাতে এসব লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয়।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করে।

এ সময় নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইফ জ্যাকেট পেয়ে খুশি নৌকার মাঝি ও দর্শনার্থীরা। নৌকার মাঝিরা বলেন, দীর্ঘদিন ধরে তারা এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করছেন। তবে এর আগে মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য এভাবে লাইফ জ্যাকেট দেওয়ার উদ্যোগ তারা দেখেননি।

তারা বলেন, নদীতে নৌকা চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করলে মাঝি ও যাত্রীদের নিরাপত্তা অনেকটাই বাড়বে। সিটি প্রশাসকের এমন উদ্যোগকে তারা স্বাগত জানান।

দর্শনার্থী লাবনী আক্তার বলেন, মিডল চরে ঘুরতে এসে নৌকায় নদী পারাপার করতে হয়। তাই নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের চেয়ে বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছেন তিনি।

দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেওয়ায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ধন্যবাদ জানান লাবনী আক্তার।