প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ডিজিটাল লেনদেন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতার আগ্রহ

টুইট ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে সহযোগিতা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে ভিসার বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশের যেসব ব্যাংক হিসাবধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চায় ভিসা।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট।

সরকারি সেবায় কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর আলোচনা

সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা, দ্রুতগতির সড়কসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও সৃজনশীল অর্থনীতির বিকাশে ভিসার অবদান রাখার বিষয়টিও উঠে আসে। দেশের স্বাধীন পেশাজীবীদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে প্রযুক্তি কেন্দ্র স্থাপনের আহ্বান

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা বৈশ্বিক সেবা কেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। দেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।