বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

টুইট ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে। বাবাকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন মেসি।

স্থানীয় সময় শুক্রবার থেকে শনিবারের মধ্যবর্তী রাতে রাত ২টার দিকে মারা যান ৬৮ বছর বয়সী হোর্হে মেসি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে বিমানবন্দর ত্যাগ করে তারা পেরেজ শহরের উদ্দেশে রওনা হন। সেখানেই হোর্হে মেসিকে সমাহিত করার কথা রয়েছে।

মেসির বাবার শেষবিদায়ের আয়োজন পারিবারিক পরিসরেই করার কথা রয়েছে। তবে প্রিয় তারকার কঠিন সময়ে পাশে থাকতে কবরস্থানের সামনে ইতোমধ্যে ভিড় করেছেন অসংখ্য ভক্ত।

মেসির পুরো ক্যারিয়ারে হোর্হে মেসি ছিলেন তার অন্যতম প্রধান সহযোগী। শুধু বাবা হিসেবেই নয়, মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের মন্টেরির বিপক্ষে ম্যাচেও খেলেননি মেসি। ম্যাচ শুরুর আগে তার বাবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্যালারিতে সমর্থকেরা ‘ফোর্সা, লিও’—অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে মেসির প্রতি সমর্থন জানান।

ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামে ইন্টার মায়ামি। একপর্যায়ে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। গোলের পর জার্সি খুলে নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি দেখান ডি পল। আবেগঘন সেই মুহূর্তে গোলটি মেসি ও তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাকে উৎসর্গ করেন ডি পল।

তবে শেষ পর্যন্ত মন্টেরির কাছে ২-১ গোলে হেরে যায় ইন্টার মায়ামি।

হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল, নিউয়েলস ও ফুটবল বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।