ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গেছে: জামায়াত আমির

গণভোটের প্রস্তাব দিলেও এখন তা থেকে সরে গেছে বিএনপি, অভিযোগ শফিকুর রহমানের
টুইট ডেস্ক: গণভোটের প্রস্তাব বিএনপিই দিয়েছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর দলটির মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।
শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে থাকত না। সংসদে দাবি-দাওয়া পূরণ না হওয়ায় বিরোধী দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছিল বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের সময়ের মতো দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের অভিযোগ তোলেন জামায়াত আমির। তার দাবি, সরকার পরিবর্তন হলেও এসব বিষয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান জানান, এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় কূটনীতিকদের সামনে জুলাই গণঅভ্যুত্থান ও হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতেই কূটনীতিকদের নিয়ে এই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয় বলে জানা গেছে।






