চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা জানিয়ে নতুন রাজনৈতিক শক্তিকে সতর্ক করলেন সালাহউদ্দিন আহমদ
টুইট ডেস্ক: চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ও শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সরকার কাজ করছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বের ওপর ভিত্তি করে যারা রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চান, তাদের সতর্ক হতে হবে। একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ব্যর্থ হয়েছে। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ব্যবহার করে রাজনীতির ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি করা উচিত নয়।
নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা রাজনৈতিক শক্তিগুলোর সমালোচনা করে তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বললেও অনেকে পুরোনো ধারার রাজনীতিতেই হাঁটছেন। রাজনৈতিক মাঠ কঠিন ও কণ্টকাকীর্ণ। নতুনদের শেখার অনেক কিছু রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত ও শেখ হাসিনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা পরস্পরবিরোধী। দিল্লিতে বসে বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির বয়ান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভারতের এমন দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিএনপি বিদ্বেষমূলক বক্তব্যের পরিবর্তে গণতান্ত্রিক বিতর্ক ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পথে এগোতে চায়।
আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে হবে। সংশ্লিষ্ট আইনের আওতায় সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তদন্ত চলছে।
তিনি জানান, ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়াও চলমান। কিছু মামলার বিচার শেষ হয়েছে, অন্য মামলাগুলোর বিচার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রেখে শক্তিতে পরিণত করতে হবে।
একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যকে গণতন্ত্রের অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিতর্ক, তর্ক, বহুমত ও দ্বিমত থাকবে। তবে মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে।






