মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা: দ্রুত দেশত্যাগের প্রস্তুতি রাখার নির্দেশ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি, ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান।

বিশ্ব ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে দ্রুত অঞ্চল ত্যাগের জন্য প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) বাহরাইন, মিসর, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো পৃথক নিরাপত্তা বার্তায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে। সে কারণে মার্কিন নাগরিকদের ভ্রমণ পরিকল্পনায় সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে দ্রুত দেশত্যাগের প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে নানা ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।

বিশেষ করে জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরাইলে বসবাসকারীদের নিকটস্থ বোমা আশ্রয়কেন্দ্র সম্পর্কে আগে থেকেই তথ্য জেনে রাখার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, “এই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের উচিত মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি বিবেচনা করা, অথবা পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকা।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে মার্কিন স্বার্থকে লক্ষ্য করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এই সতর্কবার্তা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর হামলার হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা এবং সংশ্লিষ্ট দূতাবাসের সর্বশেষ আপডেট অনুসরণ করা জরুরি।