মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তারাগঞ্জ ফুটবল একাডেমি

বদরগঞ্জ ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়; বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও।

নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) তারাগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় তারাগঞ্জ ফুটবল একাডেমি ও বদরগঞ্জ ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে বদরগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারাগঞ্জ ফুটবল একাডেমি।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি লাল কাজী, তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলমসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলামুখী করে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।